২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের হাটে পর্যাপ্ত গরু, দাম আকাশচুম্বি

জেলায় গত বছরের তুলনায় এবার ২১ হাজার ৫১৬টি বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানায় টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ দপ্তর।

টাঙ্গাইলের হাটে পর্যাপ্ত গরু, দাম আকাশচুম্বি

টাঙ্গাইলে হাটে হাটে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 05:37 PM

Updated : 26 Jun 2023, 05:37 PM

কোরবানির ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ২৪১টি স্থায়ী ও দেড় শতাধিক অস্থায়ী পশুর হাট বসেছে। আর এ হাটগুলোতে এক লাখ ৯১ হাজার ৯৪৩টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। যেটা গত বছরের চেয়ে ২১ হাজার ৫১৬টি বেশি। তবুও হাটগুলোতে পশুর দাম আকাশচুম্বি।

সোমবার সরেজমিনে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, ছয় থেকে সাত মণ ওজনের একটি ফ্রিজিয়ান জাতের ষাড়ের দাম হাঁকা হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকা। চার থেকে পাঁচ মণ ওজনের ষাঁড় গরুর দাম হাঁকা হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা।

অন্যদিকে দেশি জাতের গরুর দাম আরও বেশি।

হাটগুলোতে ছোট পশুর চেয়ে বড় পশুর দাম তুলনামূলকভাবে কম। চার থেকে পাঁচ মণ ওজনের গরুর দাম সবচেয়ে বেশি হওয়ায় সাধারণ শ্রেণির ক্রেতারা এককভাবে কোরবানির গরু কিনতে হিমশিম খাচ্ছেন। মহিষ, ছাগল ও ভেড়াও হাটগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পশুর হাটগুলোতে একটি মাঝারি সাইজের গরুর জন্য বিক্রেতার কাছ থেকে ৪০০ থেকে ৯০০ টাকা এবং ক্রেতার কাছ থেকে এক হাজার থেকে দুই হাজার টাকা খাজনা (টোল) রাখা হচ্ছে।

যা গত বছরগুলোর তুলনায় অনেক বেশি। এ ছাড়া সরকারি হাটগুলোতে শুধুমাত্র ক্রেতাই খাজনা পরিশোধ করার কথা। কিন্তু বিক্রেতাদের কাছ থেকেও খাজনা (টোল) নেওয়া হচ্ছে।

ফলে বিক্রেতারা এক প্রকার বিরক্ত হচ্ছেন। অন্যদিকে বেশি টাকা খাজনা দেওয়ায় ‘বাজনার চেয়ে খাজনা বেশি’ বলে অনেক ক্রেতারা মন্তব্য করছেন।

দেলদুয়ার উপজেলার কলেজছাত্রী হামিদা আক্তারের ষাঁড় গরু ‘মানিক’ জেলার সবচেয়ে বড় গরু। ৫২ মণ ওজন মানিকের। তার দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা।

গত বছর এ ষাঁড়টির ওজন ছিল ৪৫ মণ আর দাম চাওয়া হয় ১৫ লাখ টাকা। ঢাকার গাবতলী হাটেও গরুটি উঠেছিল কিন্তু বিক্রি হয়নি। ষাঁড়টি নিয়ে হামিদা আক্তার এক প্রকার বিপাকেই পড়েছেন। গত বছর বিক্রি না হওয়ায় তিনি এবার কিছুটা কম দামে হলেও ষাঁড়টি বিক্রি করতে চান।

Image

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ‘মানিক’ জেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন মালিক।

পশু বিক্রেতা হারুন, রাশেদ, আবুল খায়ের, রাসেল আহাম্মেদ, আজগর আলী, নাজমুল করিম, খোদেজা বেগম, রাইশা ইসলাম, হামিদা আক্তার, আজিজ মিয়া জানান, কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় বাড়েনি।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সঙ্গে তুলনা করলে পশুর দাম মোটেই বাড়েনি।

তারা আরও জানান, লালন-পালন ছাড়াও হাটে ওঠাতে গরুর পেছনে বাড়তি খরচ আছে।তাছাড়া বিক্রি করলেও হাটের খাজনা পরিশোধ করতে হয়। এখন পশু লালন-পালনে ভূষি, নালি (এক প্রকার জোলা গুড়), খৈল, চালের গুড়া, খড়, কাঁচা ঘাস ইত্যাদি ব্যবহার করতে হয়। এসবের দাম আগের তুলনায় অনেক বেড়েছে।

তারপরও এবার কোরবানির পশুর দাম বেড়েছে বলা হচ্ছে- এটা ঠিক নয় বলে জানান তারা।

কোরবানির পশু ক্রেতা জহুরুল ইসলাম, আলতাফ হোসেন, হুসেইন জহুর, খান আলী জাহান, আব্দুল আজিজ মিয়া, কলিম তরফদার, আশরাফুল ইসলাম জানান, বিক্রেতারা কোরবানির পশুর দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে বলছে।গত বছর যে গরু ৮০ থেকে ৯০ হাজার টাকায় পাওয়া যেত এবার তার দাম দেড় থেকে দুই লাখ টাকা হয়েছে।

তারা আরও জানান, তবে বড় গরুর দাম তুলনামূলকভাবে অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা গরু অর্থাৎ ৪-৬ মণ ওজনের একটি গরুর দাম হাকা হচ্ছে সর্বনিম্ন দুই লাখ টাকা।

Image

টাঙ্গাইলে হাট থেকে কোরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা।

বাধ্য হয়ে দুই থেকে সাতজন মিলে অংশীদারত্বের ভিত্তিতে (ভাগিদার) গরু কোরবানি দেওয়ার চিন্তা-ভাবনা করছেন বলে জানান তারা।

ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে খাজনা (টোল) আদায়কারীরা জানান, তারা নিয়মানুযায়ী খাজনা আদায় করছেন। কোনোভাবেই অতিরিক্ত নিচ্ছেন না।

টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া জানান, জেলায় এবার এক লাখ ৯১ হাজার ৯৪৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৬২০টি গরু, ৩১৭টি মহিষ, এক লাখ ২০ হাজার ১৫৮টি ছাগল এবং ৩ হাজার ৮৪৬টি ভেড়া রয়েছে।

তিনি জানান, গত বছর এ জেলায় এক লাখ ৭০ হাজার ৪২৭টি পশু কোরবানি করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ বছর দেড় লাখের অধিক পশু কোরবানি হবে বলে ধারণা করছে। তারপরও গত বছরের তুলনায় এবার ২১ হাজার ৫১৬টি বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিভিন্ন খামারে কোরবানির পশু মোটা-তাজা করা হয়েছে। কোন কোন খামারি ‘বস’, ‘বাংলার বস’, ‘মানিক’, ‘কালা মানিক’ ইত্যাদি নামে বড় জাতের (ফ্রিজিয়ান) গরু লালন-পালন করে জেলাসহ দেশজুড়ে সারা ফেলে দিয়েছেন বলেন জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা।

রানা মিয়া আরও বলেন, হাট ছাড়াও অনলাইনে প্রায় তিন হাজার খামারি গরু বিক্রি করছেন। খামারিরা অনলাইন ভিত্তিক পেইজ খুলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। জেলা প্রাণিসম্পদ কার্যালয়েরও একটি পেইজ রয়েছে। ক্রেতারা সেখান থেকেও পছন্দের পশুটি কিনতে পারছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কে গরু পরিবহনের ট্রাকগুলোকে পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

সড়ক-মহাসড়কে ডাকাতি রোধে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

জেলার গরুর হাটগুলোতে পুলিশের টহল টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে; হাটে ক্রেতা-বিক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।