২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নসিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ওয়াজ শুনে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন হতাহতরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 02:00 PM

Updated : 22 Dec 2023, 02:00 PM

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিথিয়া শেখপাড়ায় নসিমন ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। 

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুল ইসলাম। 

নিহতরা হলেন, শৈলকুপার কবিরপুরের মৃত আহাদ অলি শেখের ছেলে অবসর প্রাপ্ত পুলিশসদস্য আসাদুজ্জামান (৬৫) ও নওয়াপাড়া গ্রামের মেহের আলির ছেলে সিএনজিচালিত অটোরিকশাটির চালক বাবু হোসেন (৫০)। 

আহত হয়েছেন নসিমনটির চালকসহ অটোরিকশার আরও তিন যাত্রী। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

হামিদুল জানান, বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলায় ওয়াজ শুনে হতাহতরা একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে শৈলকূপা উপজেলা চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছালে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

সেখানে বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এবং আসাদুজ্জামানকে মাগুরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।