মানিকগঞ্জে ‘পূর্ব শত্রুতার জেরে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা
পুলিশ জানায়, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের ঝগড়া হয়েছিল।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম জানিয়েছেন।
নিহত হাবিনুর (২২) ওই ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।
বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুপুরে নাওডুবি এলাকায় হাবিনুরকে হত্যা করা হয়েছে।”
স্থানীয়দের বরাতে ওসি শাহ নুর বলেন, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজনের ঝগড়া হয়েছিল।
“সেই ঝগড়ার জেরে কয়েকজন হাবিনুরকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত হাবিনুরকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
