পাবনায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা, আটক ১৩
আহত সাবেক ইউপি চেয়ারম্যান হারুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে একদল হামলাকারী। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সোনাতলা আবুল বাজারের পাশে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান।
আহত হারুন অর রশিদ (৫০) নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে।
এ ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচটি হাসুয়া ও বেশ কিছু লাঠিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে হারুন ভ্যানে করে সোনাতলা বাজারে যাচ্ছিলেন। পথে ইছামতি নদীর বটতলা এলাকায় পৌঁছালে বেশকিছু লোক তাকে ভ্যান থেকে নামিয়ে পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হারুনের ভাই জুয়েল রানা বলেন, “আমার ভাইকে নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রাহমানের লোকজন পিটিয়ে আহত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ব্যাপারে নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রাহমান বলেন, “মারপিটের ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। মারপিটের বিষয়টি আমি পরে শুনেছি।
“সাবেক চেয়ারম্যান হারুন আগামী নির্বাচনে আমাকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার লোকজন দিয়ে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।”
হামলায় সন্দেহভাজন ১৩ জনকে আটকের কথা জানিয়ে ওসি রফিকুল বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আটকদের নাম জানাননি তিনি।
