২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে প্রাণ হারালেন তরুণ চিত্রশিল্পী তিশা

চারদিন আগে তিশা রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানায় পরিবার।

ডেঙ্গুতে প্রাণ হারালেন তরুণ চিত্রশিল্পী তিশা

তানিয়া ফারাবি তিশা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 12:00 AM

Updated : 14 Oct 2023, 12:00 AM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তরুণ চিত্রশিল্পী ও সংগঠক তানিয়া ফারাবি তিশা।

শুক্রবার চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তিশার বাবা মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক নুরুল আবসার।

মৃত ২৪ বছর বয়সি তিশা ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা আর্ট কলেজে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নুরুল আবসার বলেন, তিশা চারদিন আগে রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তিশার অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে বিকালে চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন। এর দুই ঘণ্টা পরে তার পালস ফের ফিরে আসে।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

তিশার ফুপু সাহিদা সাম্য লীনা বলেন, চট্টগ্রাম থেকে মরদেহ আনার পর গ্রামের বাড়িতে রাতে জানাজা শেষে মরদেহ দাফনের কথা রয়েছে।

তিশার শিক্ষক চিত্রশিল্পী সুভাষ সূত্রধর বলেন, তিশা ফেনীর বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। ২০২১ সালে তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর সুনাম কুড়িয়েছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।