মাঝ নদীতে এক লঞ্চকে আরেকটির ধাক্কা
উভয় লঞ্চের পাঁচ যাত্রীর আহত হওয়ার খবর মিললেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চকে আরেকটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উভয় লঞ্চের পাঁচ যাত্রীর আহত হওয়ার খবর মিললেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে বলে লঞ্চ দুটির যাত্রীরা জানান।
যাত্রীবাহী এ দুই লঞ্চ হলো তাসরিফ-২ ও ফারহান-৫। দুটি লঞ্চই ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এই সংঘর্ষের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে সংঘর্ষের দৃশ্যটি দেখা যায়।
তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন ও আরিফ জানান, বেপরোয়া গতি নিয়ে ফারহান-৫ লঞ্চ তাসরিফ লঞ্চটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তাসরিফ লঞ্চের পিছনের একাংশ ভেঙে যায়। এসময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন জন যাত্রী আহত হয়।
সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করেন। বিকট শব্দে শিশুরা কান্নাকাটি শুরু করে।
ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতি নিয়ে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের যাত্রীরা কান্নাকাটি করতে শুরু করেন।
“ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের স্টাফদের উপর চড়াও হয়। লঞ্চের দুই নারী যাত্রী আহত হন।”
তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম বলেন, ফারহান লঞ্চ খামখেয়ালি করেই তাদের লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
তবে এ ঘটনায় ফারহান-৫ এর মাস্টারসহ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
