অন্তর্দ্বন্দ্বের নাটক ‘তুমি যাকে ভালোবাসো’
কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
এক তরুণীর বিয়ের গল্প নিয়ে একক নাটক ‘তুমি যাকে ভালোবাসো’ আসছে টেলিভিশনের পর্দায়।
বেসরকারি টেলিভিশন স্টেশন মাছরাঙা টেলিভিশনে শনিবার রাত ৮টায় নাটকটি প্রচার হবে।
বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ।
কিঙ্কর আহসানের গল্পে চিত্রনাট্য করেছেন আহনাফ তাহমিদ খান এবং সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল।
নাটকটির গল্পে দেখা যাবে, বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চারপাশের সামাজিক ও পারিবারিক নানা দায়িত্বের ভারে মানসিক চাপ অনুভব করতে থাকে তরুণী পৃথি।
একঘেয়েমি আর দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে সে কাউকে কিছু না জানিয়ে একাই শ্রীমঙ্গল চলে যায়। নিজের মত করে ঘুরে বেড়ানো ও মুক্ত হাওয়ায় শ্বাস নেওয়ার এই সফরই হয়ে ওঠে তার প্রথম ‘একক ভ্রমণ’।
তবে সেখানে গিয়ে শ্রীমঙ্গলে পরিচিত হওয়া উশান নামের এক তরুণ আলোকচিত্রীর সঙ্গে গড়ে ওঠে পৃথির সখ্য। এর মধ্যেই হঠাৎ করে সেখানে হাজির হয় তার হবু বর অর্ক।
তিনজনের এক অন্তর্দ্বন্দ্ব ও আবেগের গল্পে এগিয়ে যাবে নাটকটি।
নাটকটি নিয়ে এর পরিচালক আবুল খায়ের বলেন, "আজকের তরুণ প্রজন্মের পারিবারিক দায়বদ্ধতা ও নিজেদের ব্যক্তিগত অনুভূতির মাঝে যে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়, তা-ই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গল্পে। সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তবতার রূপটি দর্শকরা নাটকে খুব গভীরভাবে অনুভব করতে পারবেন।"
