২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রৌঢ় খুন, স্ত্রী-মেয়ে পুলিশ হেফাজতে

পুলিশ জানায়, নিহতের পেটে ও কানের কাছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 11:51 AM

Updated : 26 Aug 2023, 02:23 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫২ বছর বয়সি এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

শনিবার সকালে উপজেলার দেহাটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মতিয়ার রহমান ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি গ্রামে গ্রামে ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন।

জীবননগর থানার ওসি এসএম জাবিদ হাসান জানান, সকালে একটি ফোন কল পেয়ে ওই গ্রামে মতিয়ারের নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের পেটে ও কানের কাছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

কেডিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান বলেন, “সকাল ৭টার দিকের ঘটনা। খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। মতিয়ারের মেয়ে সকালে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। মেয়ের অভিযোগ, তার বাবা তাকে কুপ্রস্তাব দিতো।

“মতিয়ারের ব্যাপারে নারীঘটিত কোনো অভিযোগ কখনো শোনিনি। তার মেয়ের অভিযোগ আমাদের কাছে সন্দেহজনক।”

ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হত্যায় মেয়ের সম্পৃক্ততা আছে বলে আমরা জানতে পেরেছি। আরও অনুসন্ধান চলছে। প্রকৃত কারণ এবং হত্যায় আর কেউ জড়িত কিনা তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছি।”

লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি জাবিদ হাসান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।