রাঙামাটিতে ট্রাকে গুলি: দোষীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম
প্রতিবাদ সমাবেশের সময় শহরের মূল সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
রাঙামাটিতে কাঠবাহী ট্রাকে গুলিবর্ষণে দোষীদের গ্রেপ্তারে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে জেলা ট্রাক-মনিট্রাক ও পৌর ট্রাক টার্মিনাল মালিক-শ্রমিক যৌথ কমিটি।
বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাক টার্মিনাল সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী এ আল্টিমেটাম দেন।
এতে বক্তব্য দেন কমিটির সভাপতি সাব্বির আহাম্মদ ওসমানী, ট্রাক-মিনিট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি জেলা মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
গত বুধবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্যছড়ি এলাকায় কাঠ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে পাহাড় থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ২০/৩০টি গুলি ছুড়ে। শহরের খুব কাছেই এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
জেলা ট্রাক-মনিট্রাক ও পৌর ট্রাক টার্মিনাল মালিক-শ্রমিক যৌথ কমিটি সভাপতি সাব্বির আহাম্মদ বলেন, পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের পাহাড়ের পণ্য বহন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এখানে অবৈধ কিছু অস্ত্রধারী প্রতিনিয়ত ট্রাক-মিনিট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছে।
“এ ছাড়া রাঙামাটির সড়কে চালকদের হয়রানী করা হচ্ছে। সন্ত্রাসীদের কারণে পাহাড়ের প্রতিটি মানুষ আজ ক্ষতিগ্রস্ত।”
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ, সড়কে চালকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামী সাতদিন পর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে, প্রতিবাদ সমাবেশের সময় শহরের মূল সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
