২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাবিতে ২ জনকে বহিষ্কার, ৮ শিক্ষার্থীকে শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট শিক্ষার্থীর বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 11:39 PM

Updated : 19 Jun 2023, 11:39 PM

শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজনকে বহিষ্কার ও আটজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

এর মধ্যে শ্রেণিকক্ষে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষার্থীকে দুই বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট শিক্ষার্থীর বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে রেজিস্ট্রার মো. ফজলুর রহমান জানান।

বহিষ্কৃত দুজনের মধ্যে শ্রেণিকক্ষে ‘সহপাঠীকে মারধরের’ অভিযোগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গুলশান আহমেদকে এবং সেমিস্টার ফাইনাল ‘পরীক্ষায় অতিরিক্ত উত্তরপত্রে অসদুপায় অবলম্বন’ করায় একই বর্ষের সালমা আক্তার বীথিকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

রেজিস্ট্রার ফজলুর জানান, গত ১৬ মার্চ বাংলা বিভাগে শ্রেণিকক্ষে ব্যাগের ওপর ময়লা ফেলার জেরে জিষ্ণু চক্রবর্তীকে মারধরের অভিযোগ ওঠে সহপাঠী গুলশানের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী জিষ্ণু গত ১৯ মার্চ বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর বরাবর অভিযোগ করেন।

পরে তিন সদস্যবিশিষ্ট করা তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলে গুলশানকে দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশের করে বলে জানান রেজিস্ট্রার।

তিনি আরও জানান, গত বছরের জুলাইয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের কয়েকটি কোর্সের পরীক্ষায় সালমা আক্তারের বিরুদ্ধে অতিরিক্ত উত্তরপত্রে অসদুপায় অবলম্বন করার অভিযোগ উঠে। বিষয়টি তদন্ত করার জন্য গত বছরের ২৮ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলে বিথীকে দুই বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে বলে জানান রেজিস্ট্রার।

অপরদিকে, পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় আট শিক্ষার্থীর বিভিন্ন কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এরমধ্যে অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির পাঁচজন ও একই বিভাগের স্নাতক প্রথম বর্ষের এক শিক্ষার্থী রয়েছে।

শাস্তি পাওয়াদের মধ্যে রয়েছেন- প্রথম বর্ষের মো. শফিউল আলম, স্নাতকোত্তরের শিক্ষার্থী রোমিও নিকোলাস রোজারিও, ইফতেখার আহমেদ, ময়ুখ দাশ, মাহবুর হাসান ও মুনসী মো. শরীফ আহমেদ।

এ ছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেড এম তৌহিদুল ইসলাম সিজান ও রসায়ন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিজন কুমার দাস পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সংশ্লিষ্ট কোর্সসহ তাদের সকল কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব সিদ্ধান্ত ছাড়াও বাংলা বিভাগকে পরীক্ষাসংক্রান্ত কাজে আরও সতর্ক থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।