মাদারীপুরে এবার সুতা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ
যাওয়ার সময় ডাকাতদল সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।
মাদারীপুরের শিবচরে এবার এক সুতা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে বলেছে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীর।
বৃহস্পতিবার ভোরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার সুতা ব্যবসায়ী গোলাম কিবরিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন।
ক্ষতিগ্রস্তদের বরাতে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ওই ব্যবসায়ীর বাড়ির ড্রয়িং রুমের জানালার গ্রিল ভেঙ্গে অস্ত্রধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে।
ডাকাতদল প্রথমে গ্রিল কেটে রান্নাঘরে ঢুকলেও শক্ত দরজার কারণে ঘরে ঢুকতে পারেনি। পরে ড্রয়িং রুমের জানালার গ্রিল কাটে তারা।
ঘরে প্রবেশ করে ডাকাতদল বাড়ির সদস্য ও কেয়ারটেকারদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ১০-১২ ভরি স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।
যাওয়ার সময় ডাকাতদল সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।
খবর পেয়ে সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
সুতা ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, “অনুরোধ জানাচ্ছি, যতদ্রুত সম্ভব আমার বাড়ির ডাকাতি হওয়া মালামালগুলো যেন পুলিশ উদ্ধার করে দেয়।”
এর আগে মঙ্গলবার রাতে মাদারীপুর পৌরসভায় এক স্বর্ণ ব্যবসায়ী তার বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকারসহ ৪২ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন।
আরও পড়ুন
