Published : 12 Oct 2022, 06:31 PM
মাদারীপুর পৌরসভায় বাড়ি থেকে ডাকাতদল ৫০ ভরি স্বর্ণালংকারসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন এক স্বর্ণ ব্যবসায়ী।
এ ঘটনায় জনগণ ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানান মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের বরাতে ওসি মনোয়ার বলেন, পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার ও তার ভাই শিকদার মোটরর্সের মালিক গোলাম নবী শিকদার একই বাড়িতে বসবাস করছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে একদল মুখোশধারী ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।
এরপর ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। তবে পালানোর সময় জনগণ ধাওয়া করে তামিম ঘরামী (২২) নামে এক ডাকাত সদস্যকে আটক করে।
আটক হওয়া তামিম কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের আলিম ঘরামীর ছেলে।
ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার বলেন, “একজনকে আটক করা গেলেও আমার কোনো স্বর্ণ ও মালামাল উদ্ধার করা যায়নি। থানায় অভিযোগ রেডি করছি।”
ওসি মনোয়ার আরও বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃত তামিম ডাকাত দলের আরও চার সদস্যের কথা স্বীকার করেছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।