কুমিল্লায় চোর সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা
সাদ্দাম কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন।
কুমিল্লা নগরীতে চোর সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, সোমবার রাত ১২টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৫) মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি নগরীর উনাইসার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি কুমিল্লা ইপিজেডের ঝুট আনা-নেওয়ার শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি দেবাশীষ চৌধুরী বলেন, “সোমবার রাতে ঢুলিপাড়া এলাকায় মোবাইল চুরির ঘটনায় সাদ্দামকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে; দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
