বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে ভালোবেসে ব্যতিক্রমী প্রচারে তারা
প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরীকে।
জিলা স্কুল মাঠে জনসমাবেশ করতে আসছেন রংপুরের পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে পুরো বিভাগ থেকেই আসছেন মানুষ। এর মধ্যেই ব্যতিক্রমী প্রচারে নজর কেড়েছেন লুৎফর রহমান ও আব্দুর রহিম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে ভালোবেসেই এমন প্রচার করছেন বলেছেন জানিয়েছেন তারা।
বুধবার সকালে জনসমাবেশস্থল জিলা স্কুলের মূল ফটকে দেখা যায়, লুৎফর রহমান জাতীয় পতাকা নিয়ে প্রচারে ব্যস্ত রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান ওরফে ‘হঠাৎ বাবুর্চি’।
তার এক হাতে “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নীতি, উন্নয়ন অগ্রগতি আর শান্তি” লেখা প্ল্যাকার্ড। আরেক হাতে হ্যান্ড মাইক। সেই মাইকে প্রধানমন্ত্রীর আগমন ও সমাবেশকে সফল করতে চলছে উন্নয়নের স্লোগান সম্বলিত জয়গান।
মানুষের দৃষ্টি আকর্ষণ করছে তার সঙ্গে থাকা একটি ব্যতিক্রমী বাইসাইকেল। সেই সাইকেলের সামনে মোটরসাইকেলের হেডলাইট আর হেডলাইটে লেখা পুলিশ, তার উপরে পুলিশের ডামি পুতুল হাতে রাইফেল নিয়ে প্রস্তুত রয়েছে। আর সাইকেলের পেছনে রয়েছে নৌকার প্রতিকৃতি।
তীব্র গরমেও তার মধ্যে যেন নেই ক্লান্তি। তার এই ব্যতিক্রমী প্রচারণায় মুগ্ধ আগত নেতা-কর্মীরা। অনেকে তার সঙ্গে ছবিও তুলছেন।
লুৎফর রহমান জানান, তিনি ভালোবাসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ‘নৌকা পাগল ইলিয়াস’ নামে পরিচিত। দেশের যেখানেই আওয়ামী লীগের সমাবেশ হোক না কেন, তিনি কয়েক দিন আগেই সেখানে ছুটে যান। প্রচার চালান জনসমাবেশের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরশাদবিরোধী আন্দোলনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নৌকার বড় বড় সমাবেশ হলেই ছুটে যাই। সেখানে কয়েক দিন ধরে প্রচারণা চালাই। যেখানে যাই সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভালোবেসে থাকা ও খাবারের ব্যবস্থা করে।
এদিকে রংপুরে দলে দলে মিছিল করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তেমনি এক মিছিলে সবার মনোযোগ কেড়ে নিয়েছেন দোতলা বাইসাইকেলে থাকা আব্দুর রহিম।
সাধারণের বাইসাইকেলের তুলনায় বেশ উঁচু সেই সাইকেলের ওপরে বাধা আছে নৌকার প্রতিকৃতি।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতেই ভিন্নধর্মী এই বাইসাইকেল চালিয়ে মহাসমাবেশে এসেছেন রংপুরের পীরগাছা উপজেলার তামবুলপুর ইউনিয়নের তামবুলপুর গ্রামের বাসিন্দা রহিম।
রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৫টায় বাড়ি থেকে বের হইছি। ৭টার দিকেই রংপুর শহরে আসছি।
“প্রধানমন্ত্রীকে ভালোবাসি, তাকে একনজর দেখার জন্য এসেছি। আশা করি দেখতে পাব। এর আগে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আজকে প্রধানমন্ত্রীকে দেখতে পাব দেখে, অনেক খুশি লাগছে।”
নিরাপত্তার চাদরে ঢাকা রংপুর মহানগরী
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরীকে। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ রুটগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরই রংপুর বিভাগ, রংপুর সিটি করপোরেশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেন। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। সে সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন।
সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। তাই তার সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও উচ্ছ্বসিত।
