২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারীর ব্রহ্মপুত্রে বড়শিতে ধরা পড়লো ৬২ কেজির বাঘাইড়

মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়।

চিলমারীর ব্রহ্মপুত্রে বড়শিতে ধরা পড়লো ৬২ কেজির বাঘাইড়

বৃহস্পতিবার রাতে বাঘাইড় মাছটি কুড়িগ্রামের নাগেশ্বরীর বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা করে নিয়ে আসা হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 05:43 PM

Updated : 04 Nov 2022, 05:43 PM

কুড়িগ্রাম জেলার চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ৬২ কেজির বাঘাইড় মাছ।

হাতবদল হয়ে সেই মাছ নাগেশ্বরী উপজেলার পৌর বাজারে আসলে শুক্রবার সকালে এক হাজার ৬০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে বাঘাইড় মাছটি নিয়ে আসা হয়। এসময় মাছটি দেখতে ভীড় জমে মানুষের। অটোরিকশার সিট জুড়ে মাছটির অবয়ব দেখে সবাই হতবাক হন। এর মধ্যেই চলে মাছের ছবি আর মাছের সঙ্গে সেলফি তোলা।

চিলমারী থেকে মাছটি কিনে আনেন বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী হানিফ আলী।

তিনি জানান, বড়শিতে এতো বড় মাছ ধরতে পারা একটি বিরল ঘটনা।  চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকালে বড়শিতে মাছটি ধরেছেন এক স্থানীয় জেলে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে।

তিনি বলেন, “শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে ১৬শ টাকা কেজি দরে বিক্রি করি। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়। এতে অনেক খরচ পড়েছে। লোকজন খাটাতে হয়েছে। তারপরও লাভ থাকবে। দাম বেশি তাই ক্রেতা কম।

“বড় কথা হলো এতে অনেক ভালো লাগা আছে। এতো বড় মাছ সব সময় পাওয়া যায় না। এটাও সৌভাগ্যের ব্যাপার। তাই ভালোবাসা থেকে মাছটি কিনে এনেছি।”

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, “এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে।

“এতে বোঝা যায় এ জেলার নদ নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞার সময়টি জেলেরা মান্য করায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ।”