দেবিদ্বার পৌরসভায় লড়তে উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং সুযোগও নেই বলে মনে করেন আবুল কাশেম।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক কাশেম এলাকায় আবুল কাশেম ওমানী নামে পরিচিত।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পদত্যাগপত্র জমা দেন আবুল কাশেম ওমানী।
স্থানীয়ভাবে জানা গেছে, আবুল কাশেম দেবিদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।
২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আবুল কাশেম ওমানী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।
এ বিষয়ে আবুল কাশেম ওমানী বলেন, “এলাকার মানুষ আমাকে পছন্দ করেন। তাদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি।”
ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং করার সুযোগও নেই উল্লেখ করে তিনি বলেন, “এ কারণে আসন্ন পৌরসভায় মেয়র পদে অংশগ্রহণ করছি।”
ইউএনও নিগার সুলতানা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে জেলা প্রশাসকের পরামর্শে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই এখানে ইভিএমে ভোট গ্রহণ হবে। ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই পৌরসভায় বর্তমানে ভোটার ৪৪ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।
