গাজীপুরে বিএনপি-ছাত্রদলের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার
এ ছাড়া আদালতপাড়া ও কালিয়াকৈর থেকে একজন করে আটক করার কথা জানিয়েছে বিএনপি।
দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার গাজীপুরে বিএনপি-ছাত্রদলের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বাসন থানায় ১৩, সদর থানায় নয় এবং টঙ্গী, শ্রীপুর ও গাছায় দুজন করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মহানগরীর আদালতপাড়া ও কালিয়াকৈর থেকে একজন করে আটক করার কথা জানিয়েছে বিএনপি।
সোমবার সকালে মহানগরীর নলজানী এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করে। এ সময় রাস্তা অবরোধ করে যানচলাচলে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে বাসন থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান।
তিনি বলেন, তাদেরকে দুপুরে নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো. ফাহিম আশজাদ বলেন, সদর থানা এলাকা থেকে নাশকতার মামলায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে নাশকতার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাছা থানার ওসি মো. শাহ আলম বলেন, নাশকতার মামলায় সোমবার দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, নাশকতার মামলায় রোববার রাতে জৈনা বাজার এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিনুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. মাজহারুল আলম দাবি করেন, বিকালে আদালতপাড়া থেকে মহানগর যুবদল সভাপতি রুহানুজ্জামান শুক্কুরকে আটক করেছে ডিবি পুলিশ।
এ ছাড়া নাশকতার মামলায় কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
