২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুজনকে কুপিয়ে জখম, একজনের কব্জি বিচ্ছিন্ন

দুজনকেই ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

মাদারীপুরে দুজনকে কুপিয়ে জখম, একজনের কব্জি বিচ্ছিন্ন

কব্জি বিচ্ছিন্ন হওয়া কিশোর সাইফুল ইসলাম

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 11:08 AM

Updated : 19 Jun 2023, 11:08 AM

মাদারীপুরে এক কিশোর ও এক যুবকের কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের কোপে কিশোরটির বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গত রোববার সন্ধ্যার পর পাশাপাশি এলাকায় কাছাকাছি সময়ে ঘটনা দুটি ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

কব্জি বিচ্ছিন্ন ১৫ বছরের সাইফুল ইসলাম মাদারীপুর সদরের ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।

অপরদিকে, ২৯ বছর বয়সি ইলেকট্রিক মিস্ত্রি বিএম ফয়সাল সদর উপজেলার কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

একটি ঘটনার সঙ্গে আরেকটি সম্পর্কিত কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

আহতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, রোববার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন তরুণ সাইফুল ইসলাম। বন্ধুদের বিদায় দিয়ে রাতে একা বাড়ি ফেরার পথে ছয়না এলাকায় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত সাইফুলকে জোর করে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাঁ হাতের কব্জি কেটে ফেলে।

এ সময় সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে  হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।

এর কিছু সময় পর রাত সাড়ে ৮টার দিকে পাশের ‍কুকরাইল এলাকার ইলেকট্রিকমিস্ত্রি বিএম ফয়সাল নামের এক যুবককে মোবাইল ফোনে ডেকে নেন অজ্ঞাত এক যুবক।

বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা বলে তাকে অন্ধকার একটি ঘরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় ফয়সালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকেও পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।

ওসি মনোয়ার হোসেন আরও বলেন, হামলা দুটোর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে।