২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার শিখতে পুকুরে নেমে ভাই-বোনের মৃত্যু

পুলিশ জানায়, এ ঘটনায় দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।

সাঁতার শিখতে পুকুরে নেমে ভাই-বোনের মৃত্যু

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 11:48 PM

Updated : 15 Oct 2023, 11:48 PM

বগুড়ার সোনাতলা উপজেলায় পুকুরে সাঁতার শিখতে নেমে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার বালুয়া ইউনিয়নের গভারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান।

নিহতরা হচ্ছে- ওই গ্রামের আতাউর রহমানের ১৩ বছর বয়সি মেয়ে রাফিয়া সুলতানা এবং জিল্লুর রহমানের ১০ বছর বয়সি ছেলে জিসান। আতাউর ও জিল্লুর সহোদর।

মো. সাইদুল নামে স্থানীয় এক ব্যক্তি জানান, রাফিয়ার বাবা আতাউর রহমান কর্মের জন্য কয়েক বছর পরিবার নিয়ে ঢাকায় থেকেছেন। কিছু দিন আগে তিনি পরিবার নিয়ে গ্রামে চলে আসেন। আতাউর তার মেয়েকে স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তিও করিয়ে ছিলেন।

নিহতদের স্বজনরা জানান, রোববার রাফিয়া তার চাচাতো ভাই জিসানের কাছে সাঁতার শেখার জন্য বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে রাফিয়া পানিতে ডুবে যায়।

স্বজনরা আরও জানান, জিসানও তেমন সাঁতার জানত না। রাফিয়াকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য হঠাৎ চোখে পড়ে প্রতিবেশী এক নারীর।

নারীটির চিৎকারে স্বজনরা অন্যদের সহযোগিতায় পুকুর থেকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি সৈকত হাসান বলেন, এ ঘটনায় দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ দুটির দাফনের জন্য স্বজনদের নির্দেশ দেওয়া হয়েছে।