নারায়ণগঞ্জে বদ্ধ ঘরে বিস্ফোরণে দগ্ধ তরুণের মৃত্যু
এ ঘটনায় আরেক তরুণ দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বদ্ধ ঘরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তরুণ রেজানুর রহমান বাবনের (২২) মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
নিহত বাবন ফতুল্লার চৌধুরীবাড়ির সংগীতশিল্পী এসএম শামীমের ছোট ছেলে।
এ ঘটনায় নিহতের বন্ধু মো. মাহিম (২০) দগ্ধ হন। তিনি চিকিৎসাধীন আছেন।
শামীম বলেন, “আমার বাড়িতে একটি কক্ষে স্টুডিও করা হয়েছে; যেখানে গান রেকর্ড করা হয়। গত ৭ নভেম্বর দুপুরে বিকট শব্দ শুনতে পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখি, আমার ছেলে ও তার বন্ধু অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছে। ঘরের এসিটি বিস্ফোরিত অবস্থায়, জানলা ও দরজার পর্দায় আগুন, স্টিলের দরজা বেঁকে গেছে।
“স্টুডিও হওয়ার কারণে কক্ষটির দরজা-জানালা সব সময় বন্ধ থাকতো। পুরোনো একটি এসি একমাস আগে এই কক্ষে লাগিয়েছিলাম। এসি বিস্ফোরণের ঘটনা কখনও শুনিনি।”
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, “শুক্রবার রাতে দগ্ধ একজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল; পরিবারের লোকজন এসি বিস্ফোরণের কথাই বলছে।”
এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা করেননি বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
