২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

পদযাত্রা শেষে বিএনপি বনানী থেকে শহরের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 04:03 PM

Updated : 18 Jul 2023, 04:03 PM

বগুড়া সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিএনপির নেতাকর্মীদের। এতে পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কয়েকজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইয়াকুবিয়ার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বনানী থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে পদযাত্রা শহরের দিকে আসছিল। মিছিলটি ইয়াকুবিয়ার মোড়ে পৌঁছালে পেছনে থাকা নেতাকর্মীরা সাতমাথার দিকে যেতে চান। 

কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ও লাঠি নিক্ষেপ করে। পরে পুলিশও টিয়ারশেল ছোড়ে।

বিএনপি নেতা আলী আজগর বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী পদযাত্রা শেষ করে বনানী থেকে নেতাকর্মীরা শহরের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বিনা কারণে পুলিশ লাঠিচার্জসহ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন কর্মী আহত হয়েছে।” 

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, “বিএনপির নেতাকর্মীদের ইয়াকুবিয়ার মোড় থেকে সাতমাথায় যাওয়ার অনুমতি ছিল না। তারা যেতে চাইলে আমরা বাধা দেই।

“তাদের হামলায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।”