২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হাসপাতালে কিশোরী ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

শাকিলকে শনিবার গভীর রাতে গজারিয়ার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 06:55 PM

Updated : 09 Jul 2023, 06:55 PM

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের অধীন আমলী আদালত-১ এর বিচারক রহিমা আক্তার এ আদেশ দেন বলে জানান মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান।

তিনি বলেন, “শেখ শাকিলকে শনিবার গভীর রাত ৩টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকার এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।”

শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার চরমশুরা গ্রামের বাসিন্দা।

এদিকে, কিশোরী ধর্ষণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মঞ্জুরুল আলম।

তিনি আরও জানান, পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ওই কিশোরীকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে জোর করে ছাদে নিয়ে ধর্ষণ করেন শাকিল। ওই কিশোরী তার মায়ের কাজের সূত্রে বিভিন্ন সময়ে হাসপাতালে যেতেন।

ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন।

পুরনো খবর:

মুন্সীগঞ্জ হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

তারপর থেকেই পুলিশ শাকিলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান।

তিনি আরও বলেন, শাকিল ঘটনার পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মগোপন করেন। পরে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে সবশেষ শনিবার রাতে গজারিয়া আসেন। সেখানে রাতে অবস্থান করে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।