বরিশালে শিশুর মরদেহ উদ্ধার, মা ও সৎ বাবা আটক
শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বরিশাল সদরে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর রুপাতলী ভাসানী সড়কের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান।
নিহত পাঁচ বছর বয়সি আবীর ইসলাম জিহাদ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।
আটকরা হলেন- জিহাদের মা মরিয়ম বেগম ও সৎ বাবা মিলন হাওলাদার। থ্রি হুইলার চালক মিলন নগরীর আদম আলী হাজী গলির বাসিন্দা।
মরিয়মের বরাতে ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল আমিনের সঙ্গে এক বছর আগে মরিয়মের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে মায়ের সঙ্গে থাকতো জিহাদ। গত ২১ এপ্রিল মিলনের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। পরে জিহাদকে সঙ্গে নিয়েই নগরীর বান্দ রোডে বায়জিদ নামে আবাসিক হোটেলের একটি কক্ষে উঠেন মরিয়ম ও মিলন।
“রোববার সকালে শরীর ভেজা অবস্থায় জিহাদকে নিজের পাশে দেখতে পান মরিয়ম। এ সময় মাথা, হাত ও পিঠে আঘাতে চিহ্ন দেখে দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
ওসি আরও জানান, সেখানে নেওয়া কিছু সময় পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নগরীর রুপাতলী ভাসানী সড়কে মরিয়মের ভাইয়ের বাসায় নেওয়া হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়ে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, “প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
