মহাসড়কে সোনালুর ‘সোনালী অভ্যর্থনা’
এ মহাসড়ক ধরে গেলে সারি সারি গাছের সোনালু ফুলের দৃষ্টিনন্দন রূপ মোহিত করবে আপনাকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের বিভাজকে ফুটেছে অসংখ্য সোনালু ফুল। ব্যস্ততম এ মহাসড়কে সোনালুর ‘সোনালী অভ্যর্থনা’য় মুগ্ধ হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। অনেকে আকৃষ্ট হয়ে গাড়ি থামিয়েই ফুলের সঙ্গে তুলছেন ছবি।
বৈশাখের এ সময়ে বাংলার প্রকৃতিতে সোনালু যেভাবে শোভা ছড়িয়েছে, তা থেকে বাদ যায়নি দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হলুদ রঙের ঝুলন্ত সোনালু ফুল চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে রাঙিয়ে তুলেছে।
মহাসড়কের প্রায় একশ কিলোমিটার এলাকা পড়েছে কুমিল্লা জেলায়। এ অংশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হলুদ সোনালুর মেলা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গাছের শাখা ছাপিয়ে ঝুমকার মত ঝুলে আছে হলুদে ফুলগুলো। অনেকটা সোনার চেইনের মতো দেখতে হলুদ সোনালুর অপরূপ শোভা মন ছুঁয়ে যাবে যেকারোই।
মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে বেশি দেখা মিলছে সোনালুর।
এ ছাড়া সড়কটির দাউদকান্দি উপজেলার রায়পুর, জিংলাতলী, গৌরিপুর, চান্দিনা উপজেলার কুটুম্বপুর, মাধাইয়া, কেরণখাল, নাওতলা, চান্দিনা, কুমিল্লা আদর্শ সদর উপজেলার জাগুরজুলি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বেশিরভাগ গাছে সোনালু ফুটেছে।
ফুলের সৌরভ আর মন মাতানো রঙে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা। কেউ কেউ সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি থামিয়ে ফুলের ছবিও তুলছেন।
এই মহাসড়কে বাসে নিয়মিত যাতায়াত করেন জান্নাতুল ফেরদৌস নামের এক নারী যাত্রী।
কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, “ফুল প্রকৃতিতে ও মানুষের মনে সুরভী ছড়ায়; আনন্দের দোলা দেয়। ফুল ভালোবাসেন না, এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া কঠিন। সোনালু ফুলের সৌন্দর্য মনোমুগ্ধকর, যা এই মহাসড়কের বুকে ফুটেছে। আমি এই মহাসড়কে নিয়মিত যাতায়াত করি। দীর্ঘ একটা পথ ফুলের সুবাস নিতে নিতে ও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ আমাকে আনন্দ দেয়।”
আবুল কালাম আজাদ নামের এক শিক্ষক বলেন, দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীরা এখন ফুলের সুবাস নিতে নিতে গন্তব্যে যেতে পারছেন। মহাসড়কের বেশিরভাগ এলাকাই রঙ-বেরঙের নানান ফুলে বর্ণিল সাজে সেজেছে। বৈশাখের এই সময়ে প্রকৃতিকে হলুদ রঙে রাঙাচ্ছে সোনালু। বিষয়টি দারুণ!”
দেশের বিভিন্ন অঞ্চলে সোনালু গাছকে একাধিক নামে ডাকা হয়। কুমিল্লা শহর এলাকায় সোনালু নামেই গাছটির পরিচিতি থাকলেও জেলার দক্ষিণাঞ্চলের স্থানীয়দের কাছে এটি ‘হোনালু’ নামে পরিচিত। এর ফল দেখতে লাঠির মতো। তাই এটিকে অনেকে লাঠিগাছ বলেও চেনেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, মধ্যম আকৃতির সোনালু এ দেশের স্থায়ী বৃক্ষ। এর আদি বাস পূর্ব এশিয়ায়। সোনালুর ইংরেজি নাম ‘গোল্ডেন শাওয়ার’ আর বৈজ্ঞানিক নাম `ক্যাসিয়া ফিস্টুলা’।সোনালু ওষুধি বৃক্ষের তালিকাভুক্ত গাছ। বিশেষ করে, এর ফল বাত, বমি ও রক্তস্রাব প্রতিরোধে কাজ করে।
বৃক্ষটির ডালপালা ততটা ছড়ানো নয়। পাতার রং গাঢ় সবুজ, মসৃণ ডিম্বাকৃতির। সোনালু গাছের পাতায় ও বাকলে ওষুধি গুণাগুণ আছে। এটি ডায়রিয়া ও বহুমূত্র রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
তিনি আরও জানান, সোনালু ফুল পত্রঝরা উদ্ভিদ। মাঝারি আকৃতির বৃক্ষটির উচ্চতা ১০ থেকে ১৫ ফুট হয়ে থাকে। সোনালুর ফুলে পাপড়ি পাঁচটি। এটির পুংকেশর দশটি এবং দীর্ঘ মঞ্জুরি দণ্ড আছে। বসন্তে এটি পত্রশূন্য থাকে। গ্রীষ্মকালের বৈশাখে নতুন পাতা গজায়। এর পাতা, বাকল, ফলের মজ্জা ও ফল ব্যবহার করা যায়। তবে প্রকৃতিতে শোভাবর্ধনে সোনালুর জুড়ি নেই। সজনে ডাটার মত এ গাছের ফলও খাওয়া যায়।
‘জাতীয় পরিবেশ পদক’ পাওয়া কুমিল্লার মতিন সৈকত বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে ফুল ও বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ একটি চমৎকার উদ্যোগ। এতে যাত্রীরা মনোরম পরিবেশে চলাচল করতে পারছেন। এক সময় গ্রাম-বাংলার পথে-প্রান্তরে হামেশাই সোনালু গাছের দেখা মিলত। কিন্তু প্রকৃতিকে মারার মচ্ছবে এই শক্ত প্রাণের বৃক্ষটিও বিলুপ্তির পথে হাঁটতে শুরু করেছে। এখন বৃক্ষটি দেখতে চাইলে খুঁজে বের করতে হয়। হলুদ রঙের বাহারি শোভা ছড়িয়ে ঝুলে থাকা ফুলের সৌন্দর্য পথচলতি যে কাউকেই মোহিত করে।”
তার দাবি, গ্রামাঞ্চলে গাছটি কোথাও কোথাও দেখা গেলেও শহর নেই বললেই চলে। এমন সময়ে মহাসড়ক গাছটি থাকায় নতুন প্রজন্ম চলাচলের সময় এই গাছটির সম্পর্কে জানতে পারছে। আর হলুদের সমারোহ বলে এটি যেন প্রকৃতির উষ্ণ অভ্যর্থনা।
হাইওয়ে পুলিশ, কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, “অতীতে দেখা গেছে, রাতের বেলায় বিপরীত দিকের গাড়ির হেড লাইটের আলো গাড়ি চালকের চোখে পড়তো। এতে অনেক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তেন।ডিভাইডারে গাছ থাকায় বর্তমানে সেসব দুর্ঘটনা একেবারেই কমে গেছে। সোনালু মহাসড়কের সৌন্দর্য বাড়িয়েছে। গাছটি হলুদ ফুলে বর্ণিল থাকায় চলাচলের সময় মানুষ মুগ্ধ হচ্ছেন।
মহাসড়কের বিভাজকে থাকা গাছগুলোকে নিয়মিত পরিচর্যার মধ্যে রাখার দাবি জানান তিনি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, “মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডারে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি ফুল গাছ রোপন করা হয়েছে। এতে মহাসড়কের সৌন্দর্য বেড়েছে। ডিভাইডারে গাছ পরিচর্যায় আমাদের নিযুক্ত শ্রমিকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে সোনালু ফুল ফুটে মহাসড়কের পরিবেশ আরও দৃষ্টিনন্দন হয়েছে। আমরা মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি।”
