২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আহত শিক্ষার্থীর নাম শান্ত জাবালি; তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন এক ঘণ্টা অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 11:24 PM

Updated : 13 Jun 2023, 11:28 PM

সহপাঠীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন একঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ জানিয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম শান্ত জাবালি। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

শান্ত জাবালির সহপাঠীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক বান্ধবীসহ তিনি সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। রিকশাটি সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছলে মুখবাঁধা অবস্থায় তিন ব্যক্তি ধারালো অস্ত্রসহ সেটির গতি রোধ করে।

তাদের চাপাতির কোপে শান্তের ডান হাতের চারটি আঙুল কেটে যায়। এ সময় ছিনতাইকারীরা দ্রুত শান্তের মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শান্ত জাবালি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের এত কাছে যদি শিক্ষার্থী হয়েও ছিনতাইকারীর কবলে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয়?”

এ ঘটনার প্রতিবাদে রাতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টরও ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে পুলিশের সঙ্গে আলোচনা ও তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, “সিঅ্যান্ডবি এলাকায় যেহেতু প্রায় সময়ই এরকম ঘটনা ঘটে তাই আমরা পুলিশের দুটি চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এছাড়া শান্ত জাবালির ওপর হামলাকারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সহকারী প্রক্টর মহিবুর রৌফ সাংবাদিকদের বলেন, “আশুলিয়া থানা পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।”