২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজার আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

২০০৮ সালে গৃহবধূকে ধর্ষণ করে মালয়েশিয়ায় পালিয়ে যান লিটন; সেখান থেকে ফিরে তিনি গাজীপুরে বসবাস করছিলেন বলে জানায় পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 09:20 PM

Updated : 20 Oct 2023, 09:20 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান।

গ্রেপ্তার লিটন হাওলাদার (৪০) টঙ্গীবাড়ি উপজেলার দশত্ত্বর গ্রামের ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।

টঙ্গীবাড়ি থানার এসআই আল মামুন জানান, ২০০৮ সালে লিটন এক গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় মামলা হলে মালয়েশিয়ায় চলে যান লিটন। পরে আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

মালয়েশিয়ায় সাত থেকে আট বছর পর দেশে ফিরে লিটন বাড়িতে না এসে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, এলাকার লোকজন এবং আত্মীয়-স্বজনরা বলে বেড়াতের যে, লিটন মালয়েশিয়ায় অবস্থান করছেন। পরে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

লিটনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি রাজিব।