নারায়ণগঞ্জে কারখানার ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে ৩ শ্রমিক দগ্ধ
আহতদের মধ্যে একজনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে বলে জানায় চিকিৎসক।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি তৈরি পোশাক কারখানার ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদী এলাকার কেনটাকি টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে কেনটাকি টেক্সটাইলের ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান।
দগ্ধরা হলেন- লালমনিরহাটের আব্দুস সামাদের ছেলে মো. মোস্তফা (৫০), সুনামগঞ্জের আব্দুল কাউয়ুমের ছেলে আল-আমিন (২৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে শাহনূর আলম (২৭)। তারা ওই কারখানার লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোস্তফার শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
অপর আহত শাহনূরের শরীরের পাঁচ শতাংশ এবং আল-আমিনের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে বলে তিনি জানান।
প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, “কারখানার ছাদের পাশ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন গেছে। সকালে ছাদে ঝুটের বস্তা পরিষ্কার করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত একটি বাঁশ বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তারা দগ্ধ হন।”
আহতদের কারখানার তত্ত্বাবধানে ঢাকা নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, “এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তবে অন্য মাধ্যমে শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।”
