ধান ক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ২ কৃষকের মৃত্যু
ময়মনসিংহে ক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ধনু আকন্দ লুটিয়ে পড়েন; দূর থেকে বিষয়টি দেখে সাহাব উদ্দিন সেখানে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষক নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার এসআই মো. রফিক।
নিহতরা হলেন- ওই গ্রামের গ্রামের আব্দুল আজিদ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) এবং মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্বজনরা জানান, সকালে ধনু আকন্দ নিজের ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। তবে ওই ধান ক্ষেতে আগে থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল; টের পাননি তিনি।
কীটনাশক ছিটানোর এক পর্যায়ে ধনু আকন্দ বিদ্যুতের তারে জড়িয়ে ক্ষেতে লুটিয়ে পড়েন। দূর থেকে বিষয়টি দেখে সাহাব উদ্দিন দৌড়ে ধনু আকন্দের কাছে যেতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এসআই রফিক বলেন, “নিহতের স্বজন ও গ্রামবাসী মৃতদেহের ময়নাতদন্ত করতে বাধা দিচ্ছেন। আমরা ময়নাতদন্ত করার চেষ্টা করছি। তবে স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হয়নি। আবেদন করলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।”
