ফেনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে চাঁদপুরের টিকটকারের মৃত্যু
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগে ভুগছিলেন টিকটকার রাজ মাহমুদ।
ফেনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে চাঁদপুরের এক টিকটকারের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ফেনী সদর উপজেলার পূর্ব ছনুয়া গ্রামের একটি বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শাহাদাত হোসেন খান।
নিহত শাহাদাত হোসেন রাজ (৩৫) চাঁদপুরের হাইমচর উপজেলার মধ্যম চর নীলকমল গ্রামের প্রধান বাড়ির মহিউদ্দিন প্রধানের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তিনি ‘রাজ মাহমুদ’ নামে বেশ পরিচিত।
শাহাদাত হোসেন রাজের বাবা মহিউদ্দিন প্রধান জানান, ফেইসবুক বন্ধুর আমন্ত্রণে শুক্রবার ফেনী সদর উপজেলার পূর্ব ছনুয়া গ্রামের নতুন বাজার এলাকার একটি বাড়িতে বেড়াতে যান তার ছেলে। শনিবার ওই এলাকার রেল রাস্তার ধারে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানও জানান তিনি।
ফেনীর যে বাড়িতে রাজ ছিলেন সেই বাড়ির সদস্যদের বরাত দিয়ে তার বাবা বলেন, “রাতে খাবার শেষে ঘুমাতে গেলে হঠাৎ শরীর ঘেমে জ্ঞান হারিয়ে ফেলে রাজ। দ্রুত তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তার ছেলে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগে ভুগছিলেন বলে জানান মহিউদ্দিন প্রধান।
দুই সন্তানের জনক রাজু দীর্ঘদিন চিকিৎসা শেষে গত সপ্তাহেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।
বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
