টেকনাফে আসামি ধরতে গিয়ে ‘হামলায় আহত’ এএসআই
ঘটনায় জড়িত অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি ও তার দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে আসামি ধরতে করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক এএসআই আহত হয়েছেন।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, সোমবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই মো. সাখাখাওয়াত হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার ঠোঁটের তিনটি স্থানে সেলাই দেওয়া হয়।
ঘটনায় জড়িত অভিযোগে পরোয়ানাভুক্ত আসামি ও তার দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে মো. সাকের মিয়া, তার ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত সাকের মিয়া মানব ও মাদকপাচার মামলার আসামি এবং আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালে ঢাকার বিমানবন্দর থানায় মামলা হয়। ওই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
আসামি নিজ বাড়িতে অবস্থান করার খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হলে সাকের মিয়াকে ছিনিয়ে নিতে তার স্বজন ও সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
“দুর্বৃত্তদের লাঠির আঘাতে এএসআই সাখাওয়াত গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে সাকের মিয়া ও তার দুই সহোদরকে গ্রেপ্তার করে।”
এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার সকালে সাকের মিয়াকে প্রধান ও তার দুই ভাইসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মো. আব্দুল হালিম।
