ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
শেরপুর সদর থানার ওই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শেরপুর সদর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, শুক্রবার রাতে আসামি আব্দুল কুদ্দুসকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, শিশুটি মা নেই, বাবা অটোরিকশা চালান। বাড়িতে শিশুটি তার দাদী ও ভাইয়ের কাছে থাকে।
বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী কুদ্দুস শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্না শুনে লোকজন এগিয়ে এসে কুদ্দুসকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।
শিশুটিকে স্বজনরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির বাবা ওই রাতেই কুদ্দুসকে আসামি করে মামলা করেন। তারপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে বলে জানান স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি আরও জানান, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
