জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ দাবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
দুই ঘণ্টা কর্মসূচি পালনের পর পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের আগ পর্যন্ত তা স্থগিত করা হয়।
কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দুই ঘণ্টা কর্মসূচি পালনের পর সাড়ে ১১টার দিকে পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের আগ পর্যন্ত তা স্থগিত করা হয়।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
তাদের দাবিগুলো হচ্ছে- ৯ মার্চের সিন্ডিকেট সভায় অনুমোদিত অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করতে হবে, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠিত কমিটিতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করতে হবে।
এ ছাড়া ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে অবিলম্বে রেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি করতে হবে এবং ভারপ্রাপ্ত সকল অফিস প্রধানদের স্থায়ী করতে হবে।
অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে। তাই অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।
“সামনের সিন্ডিকেট সভায় আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে আর একটি দাবি মানতে সিন্ডিকেট সভার প্রয়োজনীয়তা নেই। সেটা হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার এ বি এম কামরুজ্জামানের অন্যত্র বদলি।"
আগামী সিন্ডিকেট সভায় এই দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কী করবে অফিসার সমিতি জানতে চাইলে তিনি বলেন, "আমরা আবার কর্মসূচিতে যাব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা ভাবার সুযোগ নেই আজকে কর্মসূচি স্থগিত বলে সব কিছু শেষ হয়ে গেছে।"
এ বি এম কামরুজ্জামানের অন্যত্র বদলির বিষয়ে জানতে চাইলে অফিসার সমিতির সাধারণ সম্পাদক রবিউল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপাচার্য স্যারকে বলেছি, আমরা সাত দিনের মধ্যে ওনার অন্যত্র বদলি চাই। স্যার বলেছেন বিষয়টি ওনি দেখবেন।"
কেনো তার বদলি চান জানতে চাইলে তিনি বলেন, "উনি নিজে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হওয়ায় অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় অতিরিক্ত রেজিস্ট্রার পদে পিএইচডি ডিগ্রিধারী হলে ১ বছর কম অভিজ্ঞতার কথা বলেছেন। যাতে তিনি নিজের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। এজন্য আমরা তার পদত্যাগ দাবি করেছি।"
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, “অফিসার সমিতি তাদের দাবি জানিয়েছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিব।"
ডেপুটি রেজিস্ট্রারের অন্যত্র বদলির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “সে ব্যাপারেও দেখি কি করা যায়।”
