মানিকগঞ্জে ‘হেরোইনসহ’ মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার
পৃথক অভিযানে ২৬১ গ্রাম হিরোইনসহ তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
মানিকগঞ্জ সদরে পৃথক অভিযানে ‘২৬১ গ্রাম হিরোইনসহ’ মাদক মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
রোববার রাতে সদর উপজেলার মত্ত ও হিজলী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।
তিনি জানান, হিরোইনসহ মত্ত ঢাকুয়াপাড়া থেকে মো. ওয়াসিম (৩৪), আবুল হোসেন (৩৩), মো. রিদুল হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় মো. ওয়াসিমের কাছে ২০০ গ্রাম ও আবুল হোসেনের কাছে ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
রিদুল মাদক বিক্রয়ে ওয়াসিম ও আবুলকে সহায়তা করেন বলে দাবি পুলিশের।
অপরদিকে, সদর উপজেলার হিজলী কাচারীমাঠ এলাকা থেকে মুন্নাফ বেপারী (৪৪) ও মো. বিপুল মিয়া (৩৩) নামের দুজনকে ১১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকের ২১টি মামলা আদালতে বিচারাধীন জানিয়ে ডিবি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক আরও দুটি মামলা হয়েছে।
