২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ১৬ জেলায় পাইলট প্রকল্প

প্রকল্পের আওতায় ১৬ জেলার ৪৫টি উপজেলায় আট হাজার শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ১৬ জেলায় পাইলট প্রকল্প

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 06:09 PM

Updated : 15 Jul 2023, 06:09 PM

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে দেশের ১৬ জেলায় পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। চলতি মাস থেকেই শুরু হচ্ছে এ প্রকল্পের কাজ।

শনিবার ভোলায় আর্ন্তাজাতিক সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-জিএইচএআই ও দেশীয় উন্নয়ন সংস্থা সমষ্টির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ প্রকল্পের কথা জানানো হয়।

কর্মশালার আলোচনায় বলা হয়, পানিতে ডুবে দেশে প্রতিদিন ৪০ শিশু মারা যায়। এর মধ্যে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হার সবচেয়ে বেশি।পরিসংখ্যান বলছে, পৃথিবীতে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বাংলাদেশে বেশি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ১৬ জেলায় পাইলক প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প কর্মকর্তাও নিয়োগ দিয়েছে।

প্রকল্পের আওতায় ১৬ জেলার ৪৫টি উপজেলায় আট হাজার শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমে যাবে বলেও আশা করেন সংশ্লিষ্টরা।

সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জিএইচএআই এর কমিউনিকেশনস ম্যানেজার সারওয়ার ই আলম, সমষ্টি’র পরিচালক (গবেষনা ও যোগাযোগ) রেজাউল হক, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেনসহ অন্যরা।

পানিতে ডুবে শিশুর মৃত্য  প্রতিরোধে বাংলাদেশ সরকার ভোলা, বরগুনা, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, নরসিংদী, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় প্রকল্প বাস্তবায়নে ১৬ টি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেবে।

তিন বছর মেয়াদি এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ২৭২ কোটি টাকা।

বক্তারা জানান, ব্যায়ের ৮০ ভাগ বহন করবে বাংলাদেশ সরকার, অবশিষ্ট ২০ ভাগ দেবে দাতা সংস্থা ব্লুমবার্গ।