খুলনা শিশু হাসপাতালে রোগীর চাপ, শয্যাসংকটে নতুন ভর্তি বন্ধ
অভিভাবকরা জানান, তাদের সন্তানরা কেউ ডায়ারিয়া, কেউ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছে কিন্তু শয্যাসংকটে হাসপাতালে ভর্তি নিচ্ছে না।
দক্ষিণাঞ্চলের শিশু চিকিৎসার সবচেয়ে বড় কেন্দ্র ২৭৫ শয্যার খুলনা শিশু হাসপাতাল। শীত মৌসুমের শুরুতে শিশুরোগী বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে শয্যাসংকট দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, শয্যাসংকটের কারণে নতুন ভর্তি নেওয়া হচ্ছে না। এতে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত সন্তানদের নিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা।
শিশু হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান জানান, ঋতু পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। নভেম্বর মাসের মাঝ থেকে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
“বহির্বিভাগে অন্যান্য সময় ২৫০ থেকে ৩০০ রোগী এলেও এখন প্রতিদিন ৬০০ এর বেশি রোগী আসছে। হাসপাতালের কোনো শয্যা ফাঁকা নেই। যে কারণে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রোগীদের ফেরত দিতে হচ্ছে।”
কামরুজ্জামানের ভাষ্য, স্থান সংকুলান না হওয়ার কারণে আমরা সেবা দিতে ব্যর্থ হচ্ছি। ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সব মিলিয়ে ১০ হাজারের বেশি শিশুরোগী সেবা নিয়েছে।
রোগীর চাহিদার সঙ্গে তাল মেলাতে হাসপাতালটিতে জনবলসহ আরও সম্প্রসারণ দরকার বলে মনে করছেন তিনি।
রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই বছর বয়সী অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন নগরীর সোনাডাঙ্গা এলাকার ইকবাল হোসেন।
তিনি জানান, শয্যা না থাকায় তার সন্তানকে ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে অন্যত্র ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
বহির্বিভাগে পারভিন আকতার অপেক্ষার প্রহর গুনছিলেন চিকিৎসকের। জ্বর ও কাশিতে আক্রান্ত তার চার বছর বয়সী ছেলে।
একইভাবে সন্তান নিয়ে চিকিৎসকের অপেক্ষায় আছেন শিউলী আকতার, সাদিয়া ইসলাম, মোস্তাইন বিল্লাহসহ অনেকে।
অভিভাবকরা জানান, তাদের সন্তানরা কেউ ডায়ারিয়া, কেউ জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের ভাষ্য, ঋতু পরিবর্তনের কারণে শিশুদের ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা-উপজেলা পর্যায়ের সব সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন বলেন, নগরীর সোনাডাঙ্গা বাইপাস সড়কের পাশে নির্মিতব্য বিভাগীয় শিশু হাসপাতালটি চালু হলে খুলনার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালটির ওপর চাপ কমবে। সেইসঙ্গে এ অঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মান বাড়বে।
