২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবদল নেতার মৃত্যু: পুলিশ বলছে দুর্ঘটনা, বিএনপির দাবি ‘গাড়িচাপা’

এ ঘটনার প্রতিবাদে সিলেট বিভাগে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 08:26 PM

Updated : 31 Oct 2023, 08:51 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহত জিলু আহমদ দিলু (৪০) গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরি গ্রামের বাসিন্দা এলাই মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেছে বিএনপি।  

পুলিশ দাবি করেছে, অবরোধ চলাকালে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে জিলুর মৃত্যু হয়েছে।

অপরদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জিলুকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করা হয়েছে এবং পরে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন যুবদলের নেতাকর্মীরা। সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় নেতাকর্মীরা যে যার মত সটকে পড়েন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিলুর মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হন।

“পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে জিলু মারা যান।

যুবদল নেতাকে পুলিশের গাড়ির ধাক্কা বা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন আজবাহার আলী শেখ। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।” 

এদিকে জিলুর ভাই মো. বুলু মিয়া (৪৫) প্রথমে তার ভাই রাজনীতিতে জড়িত নয় বলে দাবি করলেও সন্ধ্যায় আবার বলেন, “পাঁচ ভাইয়ের মধ্যে জিলু সবার ছোট। সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। সকালেই বাড়ি থেকে বেরিয়ে দলের কর্মসূচিতে যায়।”

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “জিলু যুবদলের কর্মী। উপজেলা কমিটির সদস্য। বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি থাকতেন।

“পরিবার কেন প্রথমে বিষয়টি অস্বীকার করল তা বুঝতে পারছি না। অবরোধ কর্মসূচিতে অংশ নিতেই দিলু লালাবাজার এলাকায় যান।

বিএনপি নেতা বলেন, “পুলিশ ইচ্ছাকৃতভাবেই তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে; পরে হেফাজতে নিয়েও তাকে নির্যাতন করা হয়। এখন বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।”

এ ঘটনার প্রতিবাদে সিলেট নগরীতে তাৎক্ষণিক মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল থেকে হরতালের ঘোষণা দেন যুবদলের নেতারা।