সাতক্ষীরার শ্যামনগরে রান্না করা হরিণের মাংস জব্দ
৫০টি ফাঁদসহ হরিণের নাড়িভুঁড়িও পাওয়া যায় বলে জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক।
সাতক্ষীরার শ্যামনগরে হাড়ি ও কড়াই ভরতি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মরাগাং টহল ফাঁড়ির ইনচার্জ ওসি সোলাইমান হোসেন বনকর্মীদের নিয়ে সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান।
ওই বাড়িতে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি ফাঁদসহ হরিণের নাড়িভুঁড়ি পাওয়া যায় বলে জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী।
তিনি বলেন, তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান। মাহমুদুল ওই গ্রামে নজরুল ইসলাম গাজীর ছেলে।
ইকবাল হোসেন আরও বলেন, “এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
