২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহী থেকে ছেড়ে আসা পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 12:04 AM

Updated : 10 Jan 2024, 12:04 AM

নওগাঁর মান্দা উপজেলায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী। 

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। হতাহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে ধারণা পুলিশের। 

স্থানীয়দের বরাতে ওসি মোজাম্মেল বলেন, রাতে ১০ চাকার একটি ড্রামট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান ওসি। 

হতাহতরা নওগাঁ জেলার বাসিন্দা; তারা গাড়ি উদ্ধারের কাজ করতেন বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।