আচরণবিধি লঙ্ঘন: ক্ষমা চাইলেন এমপি ফারুক
লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশের পাশাপাশি আগামীতে এ ধরনের ভুল না করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান প্রার্থীর আইনজীবী।
আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী।
মঙ্গলবার বেলা ৩টার দিকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে নিজ প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য পাঠান বলে জানিয়েছেন সংসদ সদস্যের আইনজীবী এজাজুল হক মানু।
বুধবার ওমর ফারুকের জবাবের বিষয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে পাঠানো লিখিত বক্তব্যে ওমর ফারুক বলেছেন, “আচরণবিধি লঙ্ঘন হওয়ার মতো কোনো নির্বাচনি সমাবেশ আমি করিনি। তারপরও যদি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন বলে মনে হয়; তাহলে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি।”
আইনজীবী এজাজুল হক বলেন, লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশের পাশাপাশি আগামীতে যেন এ ধারণের ভুল না হয় তার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে রোববার আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।
নোটিশে ৫ ডিসেম্বর বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বা প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে বলা হয়।
এর আগে ২২ নভেম্বর একই কারণে নির্বাচন কমিশনের নির্দেশনায় সংসদ সদস্য ওমর ফারুককে সতর্ক করে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুন:
