সিলেটে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
তিন মাস আগে সিজারের মাধ্যমে রাশিদা বেগমের এক ছেলের জন্ম হয়।
সিলেটের কানাইঘাট উপজেলায় তিন মাস আগে সন্তানের জন্ম দেওয়া এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানিয়েছেন, উপজেলার বড়চতুল ইউনিয়নের মালিগ্রাম থেকে বুধবার সকালে রাশিদা বেগমের (২২) লাশ উদ্ধার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা রাশিদা বেগমের গলাকাটা রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে ও ডান হাতের পাশে রক্তমাখা ধারালো একটি বটি দা রয়েছে দেখতে পান।
পরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ সেলিম, সিআইডি ও পিবিআই শাখার তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে লাশের আলামত সংগ্রহ করেন।
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে পরিদর্শক দিলীপ বলেন, “রাশিদা বেগম গলা কেটে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ময়নাতদন্তের রিপোর্টের পর এটি আত্মহত্যা না হত্যা তা জানা যাবে।”
রাশিদার পরিবারের বরাত দিয়ে কানাইঘাট থানা পুলিশ আরও জানায়- প্রায় দেড় বছর আগে মালিগ্রামের মৃত আইয়ুব আলীর মেয়ে রাশিদা বেগমের বিয়ে হয় একই ইউনিয়নের পর্বতপুর গ্রামের মুজম্মিল আলীর ছেলে হাবিব আহমদের সঙ্গে।
তিন মাস আগে সিজারের মাধ্যমে রাশিদা বেগমের এক ছেলের জন্ম হয়। এরপর থেকে তিনি মাথাব্যথাসহ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মাস দেড়েক আগে রাশিদা তার বাবার বাড়ি চলে যান।
রাশিদার মাসহ পরিবারের লোকজন জানান, অনেক চিকিৎসা করার পরও তিনি সুস্থ হননি। এমনকি তার শিশুসন্তানকেও দুধ পান করাতেন না। সপ্তাহখানেক থেকে তিনি খাওয়া-দাওয়াও একপ্রকার ছেড়ে দিয়েছিলেন।
পরিদর্শক দিলীপ জানান, বুধবার সকালে রাশিদা ঘুম থেকে উঠলে তাকে চা দেওয়া হয়। কিন্তু তিনি সেই চা না খেয়ে ফেলে দেন। পরে সকাল ১০টার দিকে পরিবারের লোকজন তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মালিক বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
