২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সংস্কৃতিকর্মী হত্যায় আটজনের যাবজ্জীবন

২০০৯ সালে রোমানকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা, বলেন পিপি।

রংপুরে সংস্কৃতিকর্মী হত্যায় আটজনের যাবজ্জীবন

রংপুর জেলা ও দায়রা জজ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 06:32 PM

Updated : 30 Oct 2023, 06:51 PM

রংপুর নগরীতে এক সংস্কৃতিকর্মীকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার রংপুরের বিশেষ জজ হায়দার আলী সাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক জানান।

দণ্ডিতরা হলেন- নগরীর পশ্চিম জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার আনিছ, আশরাফুল, আতারুল, আমিনুল ওরফে বুদ্ধা, আলামিন, খোকন ওরফে পাকনা খোকন, মোজাম্মেল ও নুরুন্নবী। তাদের মধ্যে নুরুন্নবী পলাতক।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আর তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আসামিদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় পশ্চিম জুম্মাপাড়া এলাকার ভাই-বোন নাট্যগোষ্ঠীর সংগঠক রোস্তম সরকারের বড় ছেলে সংস্কৃতিকর্মী রোমান সরকারের।

এক সময় পুলিশ মাদকসহ তাদের গ্রেপ্তার করলে রোমানের সহযোগিতা রয়েছে বলে আসামিরা সন্দেহ করেন। পরে আসামিরা রোমানের পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন ।

এরপর ২০০৯ সালের ২২ জুলাই সন্ধ্যায় রোমান বাজার করতে গেলে আসামিরা তাকে কৌশলে চিড়িয়াখানার প্রাচীরের কাছে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৯ জনকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সোমবার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দিল।