এইচএসসি: পাস করেছেন মা, মেয়ে ফেইল
মেয়ে ফেইল করায় নিজের পাসের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারছেন না মা।
নীলফামারীর ডিমলা উপজেলায় একসঙ্গে দেওয়া এইচএসসি পরীক্ষার ফলাফলে মা পাস করলেও উত্তীর্ণ হতে পারেননি মেয়ে।
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জলঢাকা উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দেন মারুফা আক্তার। তিনি জিপিএ ৪ দশমিক ৩৮ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অপরদিকে, মারুফার বড় মেয়ে শাহী সিদ্দিকা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন।
খোঁজ নিয়ে জানা যায়, মারুফার বাবার বাড়ি উপজেলার নাউতারা গ্রামে। বিয়ে হয় একই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূণ্যোঝার গ্রামের মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের সঙ্গে।
২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন মারুফা আক্তার। এর আগেই পরিবারের সিদ্ধান্তে বিয়ে। তারপর একে একে জন্ম দেন চার ছেলে-মেয়ে।
চার সন্তানের মধ্যে শাহী সিদ্দিকা বড়। দ্বিতীয় ছেলে, দশম শ্রেণির; তৃতীয় ছেলে, অষ্টম শ্রেণির ও সবার ছোট মেয়ে, পড়ছে পঞ্চম শ্রেণিতে।
এরপরও লেখাপড়ার স্বপ্নকে মরতে দেননি অদম্য মারুফা। বিয়ের ১৫ বছর পর ফের শুরু করলেন।
২০২০ সালে বড় মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন। এবার মেয়ের সঙ্গে এইচএসসি দিয়েও উত্তীর্ণ হলেন।
মারুফা আক্তারের পাসে খুশি কলেজের শিক্ষক, সহপাঠি ও স্বামী-সন্তানেরা।
এ বিষয়ে মারুফা বলেন, “তখন বিয়ের ১৫ বছর পেরিয়ে গেছে। চার ছেলে-মেয়েকে লালন-পালন করতে গিয়ে নিজের লেখাপড়ার সুযোগ হয়নি। নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত করতে দীর্ঘ সময় পর স্বামীর উৎসাহে বড় মেয়ে শাহীর সঙ্গে নবম শ্রেণিতে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করি। সে যাত্রায় এসএসসি পাসের পর এবার মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করলাম।”
তবে মেয়ে পাস না করায় পুরো আনন্দটা উপভোগ করতে পারছেন না তিনি।
“আমার পাশে মেয়ে খুশি হলেও সে পাস না করায় আমি কষ্ট পেয়েছি।”
মারুফার স্বামী সাইদুল ইসলাম বলেন, “স্ত্রীর সাফল্যে খুশি হলেও মেয়ের জন্য খারাপ লাগছে।”
শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।
তিনি বলেন, “লেখাপড়ার ইচ্ছাশক্তির কাছে বয়স কোনো বাধা নয়, মারুফা আবারও সেটা প্রমাণ করলেন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।”
