মানিকগঞ্জে সেতুর সংযোগস্থল ভেঙে যানচলাচল বন্ধ, ভোগান্তি
পাশেই আরেকটি সেতুর কাজ চলমান থাকলেও তা এখনো ব্যবহার উপযোগী হয়নি।
মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কলেজ গেইট সেতুর সংযোগস্থানের অংশ ভেঙে যানচলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেই স্থানীয়রা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে সেতুর একটি অংশ ভেঙে গেলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝিটকা-মানিকগঞ্জ সড়কের সড়কের কলেজ গেইট সংলগ্ন ব্রিজের সঙ্গে সড়কের সংযোগস্থানের স্টিলের অংশ বা ‘প্লাংজম’ ভেঙে গেছে। আমাদের অফিসের স্টাফরা কাজ করছেন। রোববার যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
কলেজ গেইট সংলগ্ন ব্রিজটি গালা ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়নের একাংশের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ। ব্রিজটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উপজেলার সবচেয়ে বড় হাট ঝিটকা হাটের ক্রেতা বিক্রেতারা। পাশেই আরেকটি সেতুর কাজ চলমান থাকলেও তা এখনো ব্যবহার করা যাচ্ছে না।
মানিকগঞ্জের বেউথা এলাকার জাফর বলেন, “আমি নিয়মিত ঝিটকা হাটে যাই। শনিবার অনেক এলাকা ঘুরে সিএনজিতে করে যেতে হয়েছে। আসার সময় ভাড়া বেশিও নিয়েছে।”
এই আঞ্চলিক সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালক সাইফুল ইসলাম বলেন, “ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের অনেক রাস্তা ঘুরে মানিকগঞ্জে যাতায়াত করতে হচ্ছে। সিএনজিতে গ্যাসও বেশি লাগছে। খরচ বেশি হচ্ছে আবার সময়ও বেশি লাগছে।”
ইজিবাইক চালক আলিম মোল্লা জানান, “ব্রিজ বন্ধ হওয়ায় আমাদের ভোগান্তির শেষ নেই। সারাদিন ট্রিপও কম দিয়েছি। পাশের ব্রিজও এখনও ঠিক হয়নি। পাশের ব্রিজটা ঠিক হলে আমাদের এতো সমস্যা হতো না।”
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে জনবল এসে সংস্কার করে ব্রিজটিতে যান চলাচলের ব্যবস্থা করতে কাজ করছেন। আশা করছি দ্রুতই তা চালু করা যাবে।”
