বগুড়ায় অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২
অটোরিকশা চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী।
নিহত ৪৫ বছরের আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়ার আনিছুর রহমানের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাটির চালক ছিলেন।
এ ঘটনায় আহত অটোরিকশার দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাবিব নন্দীগ্রাম থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের কাথম এলাকায় অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন দুই যাত্রী।
ওসি আব্বাস আরও জানান, অটোরিকশা চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।
