২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় গেল ২ বাইক আরোহী তরুণের প্রাণ

আহত বাইক আরোহী আরেক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় গেল ২ বাইক আরোহী তরুণের প্রাণ

ট্রাকসহ চালককে আটক করে পুলিশ। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 06:54 PM

Updated : 18 Dec 2022, 06:54 PM

কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী দুই তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন অপর এক তরুণ।  

রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ফুলগাছতলায় এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান।

নিহতরা হলেন, পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে আরিফ হোসেন (১৭) এবং দেবিদ্বারের পশ্চিম পোমকড়া এলাকার মতিন মিয়ার ছেলেন ইরফান হোসেন (১৬)।

Image

ট্রাকের ধাক্কায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে।

আহত বাইক আরোহী দেবিদ্বারের মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে জীবন দাস (১৭)।

তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কমল কৃষ্ণ জানান, রোববার বিকালে মহাসড়কের ফুলগাছতলা এলাকায় একটি ট্রাক অপর একটি গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরবাইকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাইক চালক আরিফ। ইরফানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।  

ওসি কমল কৃষ্ণ আরও জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।  এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।