২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যা-ভাঙচুরে ৪ মামলা, এ্যানিসহ আসামি ৩৫০০

পুলিশের করা দুই মামলা ছাড়াও নিহতের ভাই ও এক আওয়ামী লীগ নেতা মামলা করেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 09:59 AM

Updated : 20 Jul 2023, 02:28 PM

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে সংঘর্ষ-হত্যা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা হয়েছে।

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে এসব মামলায়।

পুলিশ জানায়, গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে। 

এই দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।  

এছাড়া ওই দিন হামলায় নিহতের ঘটনায় বুধবার রাতে মৃতের ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। 

অপরদিকে, জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজুর লক্ষ্মীপুর শহরের বাড়ি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একই থানায় অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। 

গত মঙ্গলবার লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বেশ কয়েকটি স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন নিহত হয়েছেন; যাকে যুবদল নেতা বলে দাবি করেছে বিএনপি।

এ ছাড়া হামলা-ভাঙচুরে পুলিশসহ প্রায় একশজন আহত হয়েছেন। 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ বলেন, আলাদা চারটি মামলায় মোট ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

লক্ষ্মীপুরে বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ, যুবদল নেতা নিহত