২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রার্থী সমান সুযোগ না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: গাজী আতাউর

“নির্বাচনের নামে প্রহসন হলে গাজীপুরবাসী আন্দোলন গড়ে তুলবে।”

সব প্রার্থী সমান সুযোগ না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: গাজী আতাউর

রোববার জয়দেবপুরের ইসলামপুর জামে মসজিদে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী গাজী আতাউর রহমান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 08:00 PM

Updated : 30 Apr 2023, 08:00 PM

নির্বাচন কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি না করলে সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটিতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী গাজী আতাউর রহমান।

রোববার দুপুরে গাজীপুরে জয়দেবপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকার ইসলামপুর জামে মসজিদে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া চাইতে গিয়ে তিনি এ কথা বলেন। 

গাজী আতাউর রহমান বলেন, “মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ প্রভাবশালীদেরকে নির্বাচন কমিশন (ইসি) নিয়ন্ত্রণ করতে না পারলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।” 

এ সময় জনগণের আস্থা অর্জনের স্বার্থে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের দৃষ্টান্ত সৃষ্টি করতে ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই প্রার্থী।

তিনি বলেন, “এবার নির্বাচনের নামে কোনো প্রহসন করা হলে গাজীপুরবাসী আন্দোলন গড়ে তুলবে। দেশের জনগণ গাজীপুরের দিকে তাকিয়ে আছে। প্রহসনের বিরুদ্ধে ভোটাধিকার আদায়ে দেশবাসী প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।” 

আরও পড়ুন

‘ইসির পরীক্ষা নিতে’ সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন