চকরিয়ায় বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল তিন দিন পর
কক্সবাজারে কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নয়াপাড়ায় সড়কের পাশে মরদেহটি পাওয়া যায় বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান।
নিহত আনোয়ার হোসেন (৭৩) ওই এলাকার আবদুর রশিদের ছেলে। রোববার জোহরের নামাজ আদায় করতে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিহতের পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান আজিম বলেন, ধারণা করা হচ্ছে ঘটনার দিন আনোয়ার পানির স্রোতে ভেসে যান। বুধবার বন্যার পানি নেমে যেতে শুরু করলে সকাল ৯টার দিকে সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় প্রশাসনকে অবহিত করে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও জেপি দেওয়ান বলেন, “স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কক্সবাজার জেলায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে রামুতে পানিতে ডুবে এক শিশু, পেকুয়ায় সাপের ছোবলে ব্যবসায়ী, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই জন এবং চকরিয়ায় পাহাড় ধসে দেয়াল চাপায় ও পানিতে ভেসে চার জনের মৃত্যু হয়েছে।
