মানিকগঞ্জে ট্রলি খালে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ট্রলি খালে পড়ে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার বয়রা ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
নিহত আইয়ুব আলী (৪৮) মানিকনগর গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলিটির চালক ও একই এলাকার নুরুল হক গায়ানের ছেলে বজলু গায়ান।
ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলিতে করে কাঠখড়ি নিয়ে যাচ্ছিলেন কাঠ ব্যবসায়ী আইয়ুব আলী। পথে বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের রতন ডাক্তার ব্রিজের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায় ট্রলিটি।
এসময় আহত দুইজনকে এলাকাবাসী উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইয়ুব আলী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আর গুরুতর আহত বজলু গায়েনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর।
