২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোমতীর বেড়িবাঁধ লিজ নিয়ে স্থায়ী স্থাপনা, ১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ

পাউবোর তখনকার কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে দেওয়া এক মতামতপত্রে নজরুল ইসলামকে ওই জায়গা লিজ দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের সুপারিশের কথা বলা হয়।

আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 11:35 AM

Updated : 16 Jul 2023, 12:45 PM

কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে লিজ নেওয়া ব্যক্তির বিরুদ্ধে।

পানি উন্নয়ন বোর্ডের শর্ত ভেঙে ওই বাঁধের উপর শতাধিক পাকা দোকানঘর নির্মাণ করে অন্তত ১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম। উপজেলার ভুবনঘরের এই বাসিন্দা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য।

পাউবো সূত্র জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অস্থায়ী দোকানঘর নির্মাণের কথা বলে গত বছরের ডিসেম্বরে এক বছরের জন্য বেড়িবাঁধের ওই জায়গা লিজ নেন।

পাউবোর তখনকার কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে দেওয়া এক মতামতপত্রে নজরুল ইসলামকে ওই জায়গা লিজ দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের সুপারিশের কথা বলা হয়।

কিন্তু অস্থায়ী দোকানঘর নির্মাণের জন্য লিজ নিয়ে স্থায়ী স্থাপনা তৈরি করেন নজরুল।

বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, ইটের গাঁথুনি দিয়ে নির্মিত সারি সারি দোকান, ওপরে টিনের ছাউনি। এরই মধ্যে অনেক ব্যবসায়ী দোকান বুঝে নিয়ে মালামালও তুলেছেন।

চুক্তির শর্ত ভেঙে স্থায়ী স্থাপনা তৈরির অভিযোগে এরই মধ্যে নজরুলকে স্থাপনা অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।

কিন্তু নজরুল এখন পর্যন্ত স্থাপনা অপসারণে কোনো পদক্ষেপ নেননি।

এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এসব দোকানঘর নির্মাণ করার কথা বলা হলেও ‘প্রভাবশালী’ এই ব্যক্তি উল্টো ওই স্থান থেকে দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গত ৮ জুলাই কুমিল্লায় সংবাদ সম্মেলন করেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলার উত্তর ত্রিশ গ্রামের প্রবীন ব্যবসায়ী মো. মোস্তফা।

প্রায় ৬০ বছর ধরে ওই বেড়িবাঁধে স্টেশনারি দোকান চালানো মোস্তফা উপজেলার পশ্চিম নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অন্যদের সঙ্গে তাকেও কয়েক মাস আগে সেখান থেকে উচ্ছেদ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, অন্যায়ভাবে ওই জমি নজরুলকে ইজারা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “২০০৯ সালের মে মাসে কোম্পানীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে অস্থায়ী দোকানঘর স্থাপনের জন্য ৪৫ শতাংশ জমি আমাকে একসনা লিজ দেয় পাউবো। কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে পারিনি বলে ওই সময় আমাকে জমি বুঝিয়ে দেয়নি পাউবোর কর্মকর্তারা।

“দীর্ঘ ১১ বছর চেষ্টা করেও জমি বুঝে না পেয়ে নিরুপায় হয়ে আমি ২০২০ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করি। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হতেই একই স্থানে গত বছরে ডিসেম্বরে ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নজরুলকে অবৈধভাবে লিজ দেয় পাউবো।”

মোস্তফা বলেন, “উচ্চ আদালতে মামলা চলমান অবস্থায় এভাবে ওই ভূমি লিজ দিতে পারে না পাউবো। পাউবোর এমন সিদ্ধান্তের কারণে দেড়শ ব্যবসায়ী আজ পথে বসেছে। যাদের প্রত্যেকেই দীর্ঘ ৪০/৫০ বছর ধরে গোমতীর পাড়ে ব্যবসা করছিলেন। উচ্ছেদের কারণে অনেক ব্যবসায়ী ক্রেতাদের বাকিতে দেওয়া পণ্যের অর্থও তুলতে পারেননি।”

নজরুল এরই মধ্যে সেখানে অসংখ্য স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন জানিয়ে এই ব্যবসায়ী বলেন, “মোট ১০৫টি দোকানঘর নির্মাণ করে প্রত্যেকটি ৯ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করেছেন। সব মিলিয়ে তিনি তুলে নিয়েছেন ১৫ কোটি টাকার বেশি। অথচ নিয়ম অনুযায়ী, লিজ নেওয়া জমিতে তৈরি করা এসব দোকান কোনোভাবেই বিক্রি করা সম্ভব নয়।”

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দোকান নির্মাণ করা হলেও এত টাকা দিয়ে দোকান নেওয়া কোনো ছোট ব্যবসায়ীর পক্ষেই সম্ভব নয় বলে মন্তব্য করেন মোস্তফা।

উচ্ছেদের শিকার হওয়া আরেক ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফরিদ মিয়া বলেন, “আমি ৪০ বছর ধরে এখানে মুদি দোকান করেছি। আমাদের কথা বলে লিজ আনা হলেও ওই প্রভাবশালীরা আসলে আমাদের উচ্ছেদ করেছে।”

মাসুক মিয়া নামে আরেক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “গত বছরের ১২ ডিসেম্বর লিজের জায়গা বুঝে পেয়ে আমাদের উচ্ছেদ করেন নজরুলসহ প্রভাবশালীরা। এরপর এক মাসের মধ্যে দিনরাতে কাজ করে তারা এসব স্থাপনা নির্মাণ করেছেন। এখনও কিছু স্থাপনার নির্মাণ কাজ চলছে। আমরা এখন পথে বসেছি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে পূর্বে দেওয়া লিজ বহাল রাখতে হবে।”

ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করে জীবন নির্বাহের ব্যবস্থা করে দিতেও কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

বেড়িবাঁধ এলাকায় দোকান নিয়েছেন এমন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দোকান বিক্রির আগে নজরুল তাদের বলেছেন যে পাউবো থেকে এই জমি তিনি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছেন। সে কারণেই তার কাছ থেকে ৯-১৫ লাখ টাকায় দোকানের পজিশন কিনেছেন এই ব্যবসায়ীরা।  

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ও প্রশ্ন শুনে সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার ফোনে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই লিজ প্রসঙ্গে পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই নজরুল ইসলামকে ওই জায়গা লিজ দেওয়া হয়েছে। এটা বোর্ডের নির্দেশ, এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই।” 

তবে চুক্তির পর নজরুলের বিরুদ্ধে লিজের শর্ত ভঙ্গে অভিযান আসায় তাকে স্থায়ী স্থাপনা অপসারণ করতে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “ওই এলাকায় মাইকিংও করা হয়েছে। যদিও ইজারাদার আমাদের কাছে দাবি করেছেন যে, তিনি স্থায়ী স্থাপনা নির্মাণ করেননি। সবই অস্থায়ী স্থাপনা। আমরা বিষয়টি বোর্ডকে জানিয়েছি। বোর্ড যে সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। প্রয়োজনে এসব স্থাপনা ভেঙে দেওয়া হবে।”